Follow us
Search
Close this search box.

সপ্তাহান্তের ঝিলিমিলি ভ্রমণ

সপ্তাহান্তের ঝিলিমিলি ভ্রমণ

বাঁকুড়া জেলার দক্ষিণ সীমান্তে সবুজরঙা এক ছোট্ট জনপদ ঝিলিমিলি। প্রকৃতির সান্নিধ্যে যাঁরা হাঁফ ছেড়ে বাঁচেন, তাঁরা ঝিলিমিলির প্রেমে পড়বেন। শাল, পিয়াশাল, পলাশ, মহুয়া, অর্জুন, আমলকীর বন চারিদিকে। প্রখর গ্রীষ্মেও ঝিলিমিলির তাপমাত্রা অনেকটা কম থাকে। জায়গাটার উচ্চতা গড়ে ১,৬০০ ফুট। সেইসঙ্গে ঘন জঙ্গলের কারণে এখানকার তাপমাত্রা কম। ঝিলিমিলি ‘দক্ষিণবঙ্গের দার্জিলিং’ নামেও পরিচিত। থাকার জন্য রয়েছে রিমিলের চমৎকার পরিবেশবান্ধব ব্যবস্থা। রিমিল রিসর্ট প্রকৃতপক্ষে একটি প্রকৃতি পর্যটন কেন্দ্র।

প্রাণ ভরে অক্সিজেন নিয়ে দু’টো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায় সবুজ জঙ্গল আর লাল মাটির ঝিলিমিলিতে। নিখাদ বিশ্রামের ঠিকানা। প্রকৃতির মধ্যে থাকা। গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলোর ছটা দিনভর মাটিতে কত আলপনা এঁকে চলে। সন্ধ্যে নামলেই ঝিঁঝিঁ কলতানে মুখর হয়ে ওঠে গোটা অঞ্চল। কখনো দূর থেকে ভেসে আসে মাদলের বোল। শীতল বাতাস বয়।

অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রিমিলে মজুদ। ছোটদের জন্যও রয়েছে বিনোদনের ব্যবস্থা। থাকার জন্যে আছে ট্রি হাউস, কটেজ, সুইস টেন্ট, ডিলাক্স রুম, ডর্মিটরি। রয়েছে কনফারেন্স হল, ব্যাঙ্কোয়েট। খাওয়াদাওয়ার জন্য রয়েছে চমৎকার রেস্তোরাঁ। মনপসন্দ সব খাবারদাবার পাওয়া যাবে এখানে। আর সর্বত্রই পাওয়া যাবে জঙ্গলমহলের আতিথেয়তার ছোঁয়া। রিমিলকে কেন্দ্র করে বেড়িয়ে নেওয়া যায় মুকুটমণিপুর (২৮কিমি), সুতানের জঙ্গল (২০কিমি), তালবেড়িয়া ড্যাম (৪কিমি)।

সবুজ টিলা আর জঙ্গলে ঘেরা তালবেড়িয়ার জলাধার। ড্যামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গেছে পিচঢালা রাস্তা। মাঝে লকগেট। চাইলে নৌকায় ভেসে বেড়ানো যায় জলাধারে। ইতিউতি পাখি ডাকে। কোথা দিয়ে সময় বয়ে যায়। বর্ষায় তালবেড়িয়ার রূপে মুগধ হতে হবেই। দুর্দান্ত সূর্যোদয় দেখা যায় তালবেড়িয়া থেকে।

যাওয়ার পথ

বাঁকুড়া থেকে ঝিলিমিলির দূরত্ব ৮০ কিলোমিটার। ট্রেনে বাঁকুড়া স্টেশনে নেমে বাসে, প্রাইভেট গাড়িতে ঝিলিমিলি চলে আসা যায়। ঝাড়গ্ৰাম থেকে বিনপুর, শিলদা, বেলপাহাড়ি হয়ে পৌঁছোনো যেতে পারে রিমিলে। ঝাড়গ্ৰাম থেকে দূরত্ব ৬৫ কিলোমিটার। নিজেদের গাড়িতে কলকাতা থেকে খড়গপুর হয়ে আথবা মেদিনীপুর, ধেড়ুয়া হয়েও ঝাড়গ্ৰাম চলে আসা যেতে পারে। কলকাতা থেকে ঝিলিমিলি বাস সার্ভিস আছে।
যাতায়াতের ব্যাপারে রিমিল রিসর্ট কর্তৃপক্ষের পরামর্শ নিতে পারেন।

রিমিল রিসর্টের সঙ্গে যোগাযোগের নম্বর: 8538834031, 7384166512.

ফটো সৌজন্য
সর্বোচ্চ ফটোঃ রিমিল রিসর্ট।
দ্বিতীয় ফটোঃ বাঁকুড়া জেলা প্রশাসন।
অন্য দুটি ফটোঃ তুষার পাত্র।

Comments are closed.